মিন্টু শাহজাদা
আমি ধুয়ে মুছে যাব একদিন
কুরবানির রক্ত কিংবা উচ্ছ্বিষ্টের
মতোন;
তবুও
ব্রহ্মান্ডের কার্তিক এসে
যাবে হায়!
ভাদ্দুরের উত্তাপ ভেদ করে পুরনো কুয়াশাদের
সাথে করে; সূর্যের সমস্ত তাপ যাবে ক্ষয়ে।
যাহাদের বুকে বাজে আজ, ডাহুকের সুর সহসা
অদ্ভূত উদ্বেগে, তাহারা কী আহ্লাদে চায় বাঁচিতে?
মরা কার্তিক আসিবার আগে, পাতলা কুয়াশায়
ঢেকে যাবে উঠোনের নিম গাছের চারা! নি:সহায়
ডালিম গাছের পাতা উড়ে যাবে জোড়ায় জোড়ায়
শুকনো, মরা হলে পরে! ফাল্গুন আসিবার আগে
পৃথিবীর মরা পাতাগুলো উড়ে যাবে দলে দলে
উত্তুরে ঠান্ডা হাওয়া আসিতেছে বলে!
পৃথিবীর মানুষেরা ধুয়ে মুছে যাবে একদিন
কুরবানির রক্ত, নাড়িভূড়ি কিংবা উচ্ছ্বিষ্টের মতোন;
ভাদ্দুরের উত্তাপ ভেদ করে উত্তুরে ঠান্ডা হাওয়া
আসিতেছে বলে; ক্লান্ত, শুকনো পাতার মতোন
দলবেঁধে ভেসে যাবে নির্মলা, মরা নদীর জলে,
সারাদিন সূর্য়ের স্নেহময় নিরুত্তেজ তাপে
ফাল্গুনের নতুন নতুন কুশি গজাতেছে বলে!
১৫/০৯/২০১৬
মোহাম্মদপুর, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন